রংপুরে জামায়াত শিবিরের ১৮ নেতাকর্মীসহ ৭৫ জন গ্রেফতার

রংপুরে জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মীসহ ৭৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাত থেকে গতকাল রবিবার পর্যন্ত রংপুর মহানগরীসহ জেলার ৮ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।

কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, জামায়াত-শিবিরের ১৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর, গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, জামায়াত কার্যালয়ে ককটেল রাখা ও নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, পুলিশ গতকাল রবিবার সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম বাবলুকে গ্রেফতার করেছে। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক সবুজ রানা জানান, বাবলুর বিরুদ্ধে উল্লাপাড়া থানায় পুলিশের কাজে বাধা দান ও নাশকতা সৃষ্টির একাধিক মামলা রয়েছে।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, চৌদ্দগ্রাম বাজারে শনিবার বিকালে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। চৌদ্দগ্রাম থানার এসআই সামছুদ্দিন মোঃ ইলিয়াছ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন আইনে মামলা রয়েছে।
 নন্দীগ্রামে ইউপি সদস্য গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা জানান, নন্দীগ্রাম উপজেলার কোষাশ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ গঠন ও অফিস সহকারী নিয়োগ নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ইউপি সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় গত শনিবার পুলিশ ভাটরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোকাবের হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে।