বেউরঝাড়ী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্ত থেকে মুক্তারুল ইসলাম (২০) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজিবি জানায়, রবিবার রাত আটটায় উপজেলার বড় চড়ইগতি গ্রামের লফিজ উদ্দিনের ছেলে মুক্তারুল বেউরঝাড়ী সীমান্ত-সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের বড়বিল্লাহ ক্যাম্পের বিএসএফ তাকে আটকের পর ধরে নিয়ে যায়।

ঠাকুরগাঁও সেক্টরের অপারেশন অফিসার মেজর এটিএম নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মুক্তারুলকে ফেরত চেয়ে বিএসএফ’র কাছে চিঠি দেয়া হয়েছে। সোমবার সকাল ১১টায় বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক হবে।