কুমিল্লায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার হাসিনা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার আদর্শ সদর উপজেলার বারপাড়া গ্রামের মৃত খোরশেদ মিয়ার পুত্র আজিম মিয়ার সাথে প্রায় ১৫ বছর আগে একই গ্রামের আমির হোসেনের মেয়ে হাসিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর একপর্যায়ে আজিম মিয়া মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। এতে তার স্ত্রী হাসিনা বেগম বাধা দিলে তিনি তাকে প্রায়ই নির্যাতন করতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো।
স্থানীয়রা জানান, আজিম মিয়ার মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রায় ২ বছর পূর্বে তাকে সমাজচ্যুত করে বারপাড়া গ্রাম থেকে বের করে দেয় এলাকাবাসী। পরে আজিম মিয়া উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে জমি কিনে বসবাস শুরু করে এবং মাদক ব্যবসায় আরো সক্রিয় হয়ে ওঠে। এতে বাধা দেয় গৃহবধূ হাসিনা। গত শনিবার সকাল ১০টার দিকে এ নিয়ে স্বামী-স্ত্রী বাকবিত-ায় লিপ্ত হয়। একপর্যায়ে আজিম তার স্ত্রীকে জোরপূর্বক বিষ খাইয়ে হত্যার চেষ্টা চালায়। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আজিম পালিয়ে যায়। এসময় স্থানীয়রা হাসিনা বেগমকে আশংকাজনক অবস্থায় প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে রবিবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মো. ছোটন (১৪), সাব্বির হোসেন (১২) ও মো. সাঈম (৯) নামে হাসিনা বেগমের ৩ পুত্র সন্তান রয়েছে।
হাসিনার পিতা আমির হোসেন জানান, বিয়ের পর থেকে আজিম মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সে এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিতি পায়। মাদক বিক্রিতে আমার মেয়ে বাধা দেয়ায় আজিম তাকে জোরপূর্বক বিষ খাইয়ে হত্যা করেছে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
কোতয়ালী মডেল থানার এসআই ধর্মেন্দু জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রবিবার রাতে হাসিনা বেগমের লাশ বাড়িতে আনার খবর জেনে সোমবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করেছি।
তিনি আরো জানান, এ ঘটনায় হাসিনা বেগমের বাবা আমির হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় জিডি করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে নিয়মিত মামলা দায়ের হবে।