ঝালকাঠির রাজাপুরের নেশার টাকা না দেয়ায় নিজ পিতাকে পিটিয়ে হত্যা করেছে এক মাদকাসক্ত পুত্র। সোমবার সকালে উপজেলার রোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদকাসক্ত পুত্র কামাল হাওলাদারকে আটক করেছে পুলিশ।
নিহতের স্বজনরা জানান, সকালে বাবা সিরাজ হাওলাদারের কাছে মাদকাসক্ত পুত্র কামাল হোসেন নেশাগ্রস্ত অবস্থায় টাকা চায়। এসময় বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে ঘরে থাকা চৌকাঠের কাঠ দিয়ে ছেলে বাবার মাথায় আঘাত করে। এতে তিনি অজ্ঞান হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণের সময় তার মৃত্যু হয়।
ঘটনার পরই উপজেলার চাড়াখালি গ্রাম থেকে অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশ।
নিহতের স্ত্রী জয়তুন্নেছা বলেন, নেশার টাকার জন্য প্রায়ই কামাল তাদের মারধর করত। তার নির্যাতন সইতে না পেরে এর আগে একাধিকবার পুলিশের হাতেও কামালকে তুলে দেয়া হয়েছিল। অভিযুক্ত কামাল চার ভাই-বোনের মধ্যে মেঝ।
তবে আটককৃত ছেলের দাবি নেশার টাকা নয়, বাড়ির কলা বিক্রির টাকার ভাগ না পেয়ে সে বাবার মাথায় আঘাত করেছে।
রাজাপুর থানার ওসি মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় পুত্রকে আসামি করে তার মা জয়তুন্নেছা একটি হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।