টেস্ট ব্যাটিংয়ে পাকিস্তানের রেকর্ড

 
টেস্টের এক দিনে সর্বশেষ কবে এতগুলো ব্যাটিং রেকর্ড হয়েছে আবুধাবী টেস্টের দ্বিতীয় দিন শেষে সেটা নিয়ে একটা গবেষনা হতেই পারে। টপ অর্ডারদের দুর্দান্ত ব্যাটিং নৈপূন্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান চড়ে বসেছে ৫৬৬ রানের পাহাড়ে। আগের দিন সেঞ্চুরি পাওয়া আহমেদ শেহজাদের পর কাল শতরান ছুঁয়েছেন ইউনুস খান এবং মিসবাহ উল হক। তবে তাদের উত্সবে বিষাদের কারণ হয়ে দাড়িয়েছে সর্বকনিষ্ট পাকিস্তানি হিসাবে টেস্টে দেড়শো রানের মাইলফলক পেড়োনো শেহজাদ কোরি অ্যান্ডারসনের বাউন্সারে আহত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন।
৯৬, ১৭৬, ৮৭, ১০০ ও ১০২; পাকিস্তানের জন্য তো বটেই টেস্ট ক্রিকেটের ইতিহাসেই গতকাল প্রথমবারের মতো এই ঘটনা। প্রথম পাঁচ ব্যাটসম্যানেরই আশি ছাড়ানো ইনিংসের প্রথম নজির এটি। পাকিস্তানের পক্ষে রেকর্ড হয়েছে আরো অনেকগুলো।
প্রথম দুই উইকেটেই দেড়শোর বেশি রান এর আগে কখনোই করতে পারেনি তারা। হাফিজকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে ১৭৮ রান তোলার পর আজহার আলীকে নিয়ে দ্বিতীয় উইকেটে শেহজাদ যোগ করেন আরো ১৬৯ রান! ফলে গত ষোল বছরের মধ্যে প্রথমবারের মতো এক উইকেট হারিয়েই ৩০০ রান পেরোনোর কৃতিত্ব দেখায় তারা।
মধ্যা‎ বিরতির ঠিক আগ অ্যান্ডারসনের ঐ বাউন্সারে তাল হারিয়ে স্ট্যাম্পের উপর পড়ে যান শেহজাদ। পড়ে এক্সরে প্রতিবেদনে জানা যায়, অবস্থা আশঙ্কামুক্ত হলেও মাথার খুলিতে সূক্ষ্ম চীড় দেখা গেছে শেহজাদের। তবে হিট উইকেট হবার আগে ১৭৬ রানের দুর্দান্ত ইনিংসে নির্বাচকদের আস্থার জবাব ঠিকই দিয়ে যান ২২ বছর বয়সী এই তরুন। ২৩ বছরের কম বয়সী কোন পাকিস্তানির পক্ষে ৩৫০ বলের বেশী খেলার মাত্র চতুর্থ ঘটনা ছিল এটা।
বিরতির পরপরই টানা তৃতীয় সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থাকতে ফিরে যান আজহারও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা এই তরুণ পরিণত হন স্পিনার ইশ সোধির শিকারে।
তবে আজহারের বিদায় যেন হীতে বিপরীত হয় ব্ল্যাক ক্যাপসদের জন্য। চতুর্থ উইকেটে জুটি বাধেন দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান ইউনুস এবং মিসবাহ। বলের সাথে প্রায় পাল্লা দিয়ে অবিচ্ছিন্ন এই জুটিতে তোলেন ১৯৩ রান। ইউনুসের ১০০ রান আসে ১৪১ বলে।
অন্যদিকে মাত্র গত ইনিংসেই টেস্ট ইতিহাসের দ্রূততম সেঞ্চুরিতে ভিভ রিচার্ডসের রেকর্ডে ভাগ বসানো মিসবাহ ১৬২ বল খেলে অপরাজিত থাকেন ১০০ রানে।
এই সেঞ্চুরির মাধ্যমে একদিক থেকে ইউনুসকে ছুঁয়েও ফেললেন মিসবাহ। টানা তিন ইনিংসে সেঞ্চুরি করা পঞ্চম পাকিস্তানি হলেন তিনি। জহির আব্বাস, মুদাসসর নজর, মোহাম্মদ ইউসুফের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বশেষ সিরিজেই এই রেকর্ড গড়েছিলেন ইউনুস।
এবার সেখানে যুক্ত হলো মিসবাহর নামও। কোন উইকেট না হারিয়ে ১৫ রান নিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড।