‘দোয়া করি মনিরুল আমাগের মাঝে এমপি হয়ে আসুক’

‘মনিরুল এমপিতি দাঁড়ায়ে বলিলো আমি পাশ করলি রাস্তা বানায় দোবো, কারেন (বিদ্যুৎ) দোবো। আল্লাহ তার পাস করাইছে বলে আমাদের এই গ্রামের সব রাস্তা পাকা হয়ি গেছে। সগগুলোর (সকলের) বাড়িতি কারেন এইছে’। এভাবেই কথাগুলো বলছিলেন বৃদ্ধা সকিনা বিবি।

আঞ্চলিক ভাষায় তিনি আরো বলেন, ‘ও বিটা মানুষির সাতে সুন্দর কইরে কতা বলে, মানুষির সাতে সবসময় ভালো ব্যবহার করে। আমি যখন মাইনষির বাড়িতি ঘুরতি যাই তখন সবাই মনিরের সুনাম করে। আমি দোয়া করি ও আবার এমপি হয়ে আমাগের মাঝে ফিরে আসুক।’

সকিনা বিবির বয়স ৭০। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের খলসী গ্রামের মৃত গহর আলী মোড়লের স্ত্রী। বৃদ্ধা সকিনা বিবি যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনিরকে ২ হাজার টাকা দিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন কেনার জন্য।

সকিনা বিবির ৩ ছেলে ৩ মেয়ে। বড় ছেলে ওই গ্রামের ইউপি সদস্য শরিফুল ইসলাম। ছেলেরা নাতিপুতিকে দিতে মাকে হাত খরচের জন্য যে টাকা দেন সে টাকা জমিয়ে সকিনা বিবি মনিরুল ইসলাম মনিরকে দিয়েছেন। সকিনা বিবি শুধু এবার নয়, পূর্বেও এই সংসদ সদস্যের হাতে নিজের জমানো টাকা তুলে দেন। 

বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম বলেন, ঝিকরগাছা-চৌগাছার উন্নয়নে মনিরুল ইসলাম মনিরের বিকল্প নেই। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে একাদশ সংসদ নির্বাচনে আমরা তার মনোনয়ন প্রত্যাশা করি। 

সাধারণ সম্পাদক মাস্টার হেলাল উদ্দীন খান বলেন, মনির সাহেব আবার আগামীতে এমপি হলে যশোরের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তৃণমূল থেকে আমাদের দাবি তাকে আবারও নৌকা প্রতীক দেওয়া হোক।

ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও সাধারণ সম্পাদক মুছা মাহমুদ জানান, সংসদ সদস্য মনিরুল ইসলামের সাথে রাজনীতি করার সুযোগ পেয়ে তারা ধন্য।

তারা জানান, আমাদের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই। আমাদের চাওয়া একটাই একাদশ জাতীয় নির্বাচনে এমপি মনির আবারও নমিনেশন পান। তিনি নির্বাচিত হলে আমরা উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে পারবো এবং তৃণমূলের নেতাকর্মীরা যোগ্য সম্মান ও মূল্যায়ন পাবেন।

ইত্তেফাক/বিএএফ