নিখোঁজের একদিন পর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বারাদি সীমান্ত থেকে সোমবার রাতে বাংলাদেশি যুবক জাকির হোসেনের(৩০) মৃতদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জাকির উপজেলার কামার পাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক এস এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাত ১০টার দিকে বিজিবির একটি দল বারাদি বিওপি মেইন পিলার ৮২ এর কাছে শূন্য লাইন থেকে ৭৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাথাভাঙ্গা নদীর বাংলাদেশ অংশ থেকে জাকির হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়।
এর আগে গত রবিবার জাকির হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তার বড় ভাই মো. আমিন উদ্দিন অভিযোগ করেন।
সোমবার বিকেল চারটায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ জাকির নামে কোন বাংলাদেশি আটক হয়নি বলে জানান। এছাড়া কোন হতাহতের খবরও তাদের কাছে নেই বলে জানান।
জাকির হোসেনের মৃতদেহ মঙ্গলবার ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জাকির হোসেনের বড় ভাই আমিন উদ্দিন এ ব্যাপারে সোমবার রাতে দামুড়হুদা থানায় মামলা করেছেন।