নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

 
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা জামায়াতের আমীর মাওলানা নূরুল ইসলাম মন্ডলকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখার উপ-সচিব সবুর হোসেন স্বাক্ষরিত এক প্রঞ্জাপণের মাধ্যমে তাকে সাময়িকভাবে বরখাস্ত করার বিষয়টি প্রকাশ হয় । গত ৬ নভেম্বর স্বাক্ষরিত প্রঞ্জাপণটির আদেশ কপি ১০ নভেম্বর বিকেলে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৌঁছেছে ।
জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারির নির্বাচনে নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা নূরুল ইসলাম মন্ডল উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে জেল হাজতে থাকা নূরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে ভাংচুর ,নাশকতা ,হত্যাসহ মোট ৫টি মামলা রয়েছে  ।  সবক’টি মামলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ । যা বিচারিক আদালত গ্রহণ করেছে ।
নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  আনোয়ার ইমাম উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা নূরুল ইসলাম মন্ডল সাময়িক বরখাস্ত হবার সত্যতা স্বীকার করে বলেন, সোমবার বিকেলে তিনি এ সংক্রান্ত মন্ত্রণালয়ের চিঠি পেয়েছেন। ৫টি নাশকতা মামলায় অন্যতম অভিযুক্ত হওয়ায় তাকে উপজেলা পরিষদ আইন অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে ।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে উপজেলা পরিষদ ভাংচুর-অগ্নিসংযোগ ও থানায় হামলাসহ ৫টি মামলা ছিল। এসব মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে । যা আদালত গ্রহণ করেছে ।   উল্লেখ্য, গত বছরের ৩মার্চ জামায়াত নেতা দেলোওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে নন্দীগ্রাম উপজেলা পরিষদ সহ স্থানে অগ্নি সংযোগ ,ভাংচুর ও নাশকতার ঘটনায় দায়ের হওয়া মামলায় মাওলানা নূরুল ইসলাম মন্ডল প্রধান অভিযুক্ত ।