নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার অনুসন্ধান থেকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে অব্যাহতি দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা দুটি আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
এদিকে এই চাঞ্চল্যকর খুনের ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশে গঠিত সরকারি তদন্ত কমিটি ও র্যাবের বিভাগীয় তদন্ত কমিটি অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছে।
মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এসব প্রতিবেদন দাখিল করেন কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৃহস্পতিবার এসব অগ্রগতি প্রতিবেদনের ওপর হাইকোর্টে শুনানি অনুষ্ঠিত হবে। সরকারি তদন্ত কমিটির সদস্য আইন মন্ত্রণালয়ের উপ-সচিব মিজানুর রহমান খান বলেন, অগ্রগতি প্রতিবেদনে আমরা চার সপ্তাহ সময় চেয়েছি। এই সময় পেলে আমরা চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিতে পারব বলে আশা করছি।
তিনি বলেন, আমরা সর্বমোট ৩৭৪ জনের সাক্ষ্যগ্রহণ করেছি। এখন তাদের বক্তব্য সমন্বয় করছি। অপরদিকে র্যাবের অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত ৮৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরো এক সপ্তাহ সময় চাওয়া হয়েছে আদালতের কাছে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনা তদন্তে গত ৫ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দেয় হাইকোর্ট। ডিবির পাশাপাশি সিআইডিকেও তদন্তের দায়িত্ব দেয় উচ্চ আদালত। এছাড়া র্যাবকে বিভাগীয় তদন্ত করতে বলা হয়। কিন্তু দুটি সরকারি তদন্ত সংস্থা একসঙ্গে তদন্ত করলে জটিলতা দেখা দিতে পারে এই মর্মে সিআইডিকে তদন্ত কাজ থেকে বাদ দেয়ার জন্য গত ৯ মে আপিল বিভাগে আবেদন করে সরকার। এই বিষয়টি উচ্চ আদালতকে অবহিত করতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেয় আপিল বিভাগ। এরপর অ্যাটর্নি জেনারেল বিষয়টি হাইকোর্টকে অবহিত করেন। তখন বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের ডিভিশন বেঞ্চ সরকারের আবেদন খারিজ করে দিয়ে সিআইডিকে দিয়ে তদন্তের পরিবর্তে ঘটনার অনুসন্ধানের নির্দেশ দেয়।
হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে সরকার। আবেদনে বলা হয়, এই হত্যা মামলাটি শুরু থেকেই তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা তদন্তে অনেকদূর এগিয়েও গেছে। কিন্তু হাইকোর্ট আদেশ দিয়েছে ডিবির পাশাপাশি সিআইডিও অনুসন্ধান করবে। ডিবির পাশাপাশি সিআইডি অনুসন্ধান করলে তদন্তে জটিলতা দেখা দিতে পারে। আইন অনুযায়ী একটি মামলায় দুটি সরকারি সংস্থা তদন্ত করতে পারে না। তাই সিআইডিকে তদন্ত কাজ থেকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়।
আপিল বিভাগে ওই আবেদনের ওপর শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানি শেষে সোমবার আপিল বিভাগ সরকারের আবেদন মঞ্জুর করে আদেশ দেয় বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম নাজমুল হক।