দারিদ্র্যের দেয়াল ভাঙার আহবান ড. ইউনূসের

 
শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এখনো বিভিন্ন দেয়াল বিশ্বের সম্প্রদায়কে আলাদা করছে। তবে বার্লিন ওয়াল পতনের মধ্য দিয়ে বিশ্বের বিচ্ছিন্ন মানুষ আশার আলো দেখতে পেয়েছে। এটা ছিলো গণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। এখন দারিদ্র্যের দেয়াল ভাঙতে সবাইকে কাজ করতে হবে। ৯ নভেম্বর জার্মানির বার্লিন ওয়াল পতনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. ইউনূস এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মানির প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক, বিলুপ্ত সোভিয়েত ইউনিয়নের সাবেক নেতা মিখাইল গর্বাচেভ, বার্লিন মেয়র ক্লস ওয়েরিট, পোল্যান্ডের সংহতি নেতা লেস ওয়ালেসা ও উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস প্রমুখ। মঙ্গলবার ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, এই অনুষ্ঠান বিশ্বের অন্য কোন দেয়ালগুলো ভাঙতে হবে সে প্রয়োজনীয়তার বিষয়টি ভাবতে আমাদের সুযোগ করে দিয়েছে। উন্নত ও দরিদ্র দেশের মধ্যে থাকা বিভক্তি আমাদেরকে কমিয়ে আনার জন্য কাজ করতে হবে। সন্ধ্যায় এই অনুষ্ঠানের আগে প্রফেসর ইউনূস ও অন্যান্য অতিথিদের সংবর্ধনা দেয়া হয়।