নিউজিল্যান্ডকে বধের অপেক্ষায় পাকিস্তান

 
 
অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডকেও বধ করতে যাচ্ছে পাকিস্তান। মঙ্গলবার প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে পাকিস্তানের লিড দাঁড়িয়েছে ৩১৯ রান।
আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের লাগাম এখন পাকিস্তানের হাতে। টপঅর্ডার তিন ব্যাটসম্যানের সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ৫৬৬/৩ রান নিয়ে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের তুরুপের তাসে পরিণত হয় নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিনে কোন উইকেট না হারিয়ে ১৫/০ রান সংগ্রহ করে তারা।
তৃতীয় দিনে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। তরুণ ওপেনার টম লাথাম উইকেটের এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তের ব্যাটসম্যারা ছিলেন যাওয়া-আসার মিছিলে। যোগ্য সঙ্গীর অভাবে দলকে সম্মানজনক স্থানে দাঁড় করাতে ব্যর্থ হন লাথাম। সতীর্থ ব্যাটসম্যানদের অসহায় আত্মসমপর্ণের দিনে টেস্টে প্রথম সেঞ্চুরি করেন লাথাম (১০৩)। এছাড়া কোরি আন্ডারসন ও ওয়েটলিং ৪৮ ও ৪২ রান করেন।
৩০৪ রান এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান। শেষ বিকেলে কোন উইকেট না হারিয়ে ১৫ রান সংগ্রহ করে তারা। দিন শেষে পাকিস্তানের লিড দাঁড়ায় ৩১৯ রান।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস: ৫৬৬/৩ (শেহজাদ ১৭৬, মিসবাহ ১০২*. ইউনুস খান ১০০* হাফিজ ৯৬, আজহার ৮৭; আন্ডারসন ২/৬৮)।
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ২৬২/১০ (লাথাম ১০৩, আন্ডারসন ৪৮, ওয়েটলিং ৪২; রাহাত ৪/২২, বাবর ৩/৭৯)। 

পাকিস্তান ২য় ইনিংস: ১৫/০ (হাফিজ ৫*, আজহার ৯*)