বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ


 

ঢাকা ও খুলনা টেস্টে জয় নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। এখন তাদের সামনে একটাই লক্ষ্য-হোয়াইটওয়াশ। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হতে যাওয়া সিরিজের শেষ টেস্ট ম্যাচটি জয় করতে পারলেই বাংলাদেশ ঢুকে যেতে পারবে নতুন এক ইতিহাসে। আর সেটি দিয়ে বাংলাদেশ স্মরনীয় করে তুলতে পারবে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তিকে।
টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ইংল্যান্ডই একমাত্র দল, যারা ১৫ বছরের মধ্যে ৩ বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজে প্রতিপক্ষ দলকে হোয়াইট ওয়াশ করার স্বাদ পেয়েছিল।
আগামী কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া ৮৮তম টেস্টে যদি বাংলাদেশ ফের জিম্বাবুয়েকে হারাতে পারে তাহলে বাংলাদেশ হবে বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় কোন দল এবং এশিয়ার একমাত্র ও ১ম দল যারা টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ১৫ বছরের মধ্যে ৩ বা ততোধিক ম্যাচের সিরিজে প্রতিপক্ষ দলকে হোয়াট ওয়াশ করার বিরল ইতিহাস সৃষ্টি করবে। কারণ এশিয়া তো বটেই ইংল্যান্ড ছাড়া ক্রিকেট বিশ্বের আর কোন দল এমন কৃতিত্ব অর্জন করতে পারেনি।
সেলক্ষ্যে আজ সকালে দুই ঘণ্টার অনুশীলন সেরে নিয়েছে মুশফিক বাহিনী। সকাল সাড়ে ৮টায় তারা স্টেডিয়ামে প্রবেশ করে বেশ ফুরফুরে মজোজেই। অনুশীলন শুরু করে ৯টায়। কারণ আগেই তারা নিশ্চিত করে ফেলেছে সিরিজটি। এমন পরিস্থিতিতে যে কোন দলের মেজাজই একই থাকার কথা। ফুরফুরে মেজাজে থাকলেও কাল থেকে শুরু হওয়া সিরিজের ৩য় টেস্ট ম্যাচকে কোনভাবেই হাল্কাভাবে দেখছেন না বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। আজ অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুশফিক বলেন, সিরিজ জয়ের পর কিছুটা নির্ভার থাকাটাই স্বাভাবিক। অবশ্যই এটা একটা ভাল অনুভূতি। তবে আত্মতুষ্টির কোন কারণ নেই। বাস্তবতা হল শেষ ২টি ম্যাচ আমরা যেভাবে জয় পেয়েছি তার চেয়ে কঠিন হবে তৃতীয় টেস্ট ম্যাচটি। অন্তত জয় পাওয়া। ইনশাল্লাহ আমাদের আত্মবিশ্বাস আছে আমরা ভাল খেললে এই টেস্টেও জয় লাভ করব। ওরা (জিম্বাবুয়ে) ৩ সপ্তাহ ধরে আমাদের এখানে আছে আমাদের বোলিং, কন্ডিশন সম্পর্কে তারা অবগত আছে। আশা করছি, উইকেটটা যদি আমাদের মান অনুযায়ী আমাদের সাপোর্ট করে এই টেস্টটাও জিততে পারব।
এদিকে জিম্বাবুয়ে দলের সিনিয়র সদস্য হ্যামিল্টন মাসাকাদজাও চান শেষ ম্যাচটি জিতে নিয়ে নিজেদের মান বাঁচাতে। তিনি সংবাদ সম্মেলনে বলেন, আমাদের লক্ষ্য ম্যাচ জয় করে সিরিজটি অন্তত ২-১ ব্যবধানে নিয়ে যাওয়া। তাতে করে আসন্ন ওডিআই সিরিজের আগে নিজেদের মনোবল বৃদ্ধি পাবে। বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই টেস্টে হারের কারন হিসেবে তিনি এখানকার কন্ডিশনকেই দায়ী করেন। সেই সঙ্গে স্পিনে দূর্বলতাকেও। তিনি বলেন, বাংলাদেশ স্পিনে অসাধারণ খেলেছে, পাশাপাশি আমাদের ব্যাটিংয়ে ছিল দূর্বলতা। শেষ টেস্টটি সামনে রেখে এসব সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেস্টা করছে বলে উল্লেখ করেন মাসাকাদজা।