ছিনতাইকৃত গাড়ি উদ্ধার খুনিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ

রাজধানীর রামপুরায় হাতকড়া পরানো নিহত গাড়ি চালক ফারুক খাঁ’র খুনিদের দুইদিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ছিনতাই হওয়া গাড়িটি দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা মাওয়া সংযোগ সড়কের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের হাতে হাতকড়া কোথা থেকে দুর্বৃত্তরা পেয়েছে তারও কোন সন্ধান পায়নি পুলিশ। পুলিশের দাবি, পেশাদার অপরাধীরা এই ঘটনা ঘটিয়েছে।

গত রবিবার রাত সাড়ে ৩টায় রাজধানীর বনশ্রী থেকে হ্যান্ডকাফ পরিহিত ফারুক খাঁ (৩৫) নামে এক প্রাইভেটকার চালকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, দুর্বৃত্তরা গাড়িটি চেকপোস্টে ফেলে রেখে পালিয়েছে। দুর্বৃত্তদেরকে ধরার চেষ্টা অব্যাহত আছে। পেশাদার দুর্বৃত্তরাই এই ঘটনা ঘটিয়েছে।

সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সংযোগ সড়কে গাড়িটি পৌঁঁছার পরে পুলিশ সেটি থামার নির্দেশ দেয়। কিন্তু গাড়িটি না থামিয়ে দ্রুত চালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় থানার এএসআই মাহফুজুর রহমান মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেন। কিছুদূর গিয়ে দুর্বৃত্তরা গাড়িটি রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ গাড়িটি উদ্ধার করে।