সিলেট বিমানবন্দরে ভারতীয় রুপিসহ পাকিস্তানি আটক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে প্রায় কোটি টাকার ভারতীয় রুপিসহ ইমরান আহমদ (২৫) নামে এক পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে।
বিমান বন্দর সূত্র জানায়, আবুদাবী থেকে বিজি-০২৮ ফ্লাইটটি ওসমানী বিমান বন্দরে অবতরণের পর যাত্রীদের ব্যাগেজ স্কেনিং-এ অবৈধভাবে আনা ৫০০ রুপির নোট সম্বলিত এসব মুদ্রা ধরা পড়ে। রুপিগুলো একটি ডিনার সেটের ভিতরে লুকিয়ে রাখা ছিল। এ ব্যাপারে ইমরানকে জিজ্ঞাসাবাদ চলছে।
বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ জানায়, টাকার সঠিক পরিমাণ বলা যাবে না। গণনার পর যাবতীয় কার্যক্রম সম্পন্নের পরই সঠিক তথ্য পাওয়া যাবে।
তিনি আরো জানান, বাংলাদেশি বংশোদ্ভূত ইমরানের বাবা গোলাম রসুল পাকিস্তানে চাকরি করতেন। সেই সুবাদে ইমরানের জন্ম পাকিস্তানে। তার বাড়ী মুন্সিগঞ্জের সৈয়দপুরে।