নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাচঁপুর ইউনিয়নের ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন অপহরণের ঘটনায় র্যাবের সাবেক তিনজন কর্মকর্তা, সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার দুপুরে ইসমাইলের ভাই আবদুল মান্নান বাদী হয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন। পরে বিচারক মামলার অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে সাত খুনের ঘটনার প্রতিবেদনের সঙ্গে এ অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন দিতে গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন।
এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সামরিক বাহিনী থেকে অবসরে পাঠানো ও চাকুিরচ্যূত র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল তারেক সাঈদকে। অপর আসামিরা হলো— ঐ ক্যাম্পের উপ অধিনায়ক মেজর আরিফ হোসেন, ও র্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানীর ইনচার্জ কমান্ডার এম এম রানা, সাত খুনের প্রধান আসামী নূর হোসেন, তার শ্যালক নূর আলম সহ ১৬জন।
মামলায় বাদী আবদুল মান্নান অভিযোগ করেন, র্যাবের তিনজন ও নূর হোসেন এ অপহরণের সঙ্গে সম্পৃক্ত। ইসমাইলকে অপহরণের পর ২ কোটি টাকা মুক্তিপণ দাবী করা হয়। এ ব্যাপারে মামলা করতে চাইলে ডিবি ও পুলিশ সেটা আমলে নেয়নি। এ কারণেই আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট শাহ মাজহার জানান, আদালত মামলার অভিযোগটি আমলে নিয়ে সাত খুনের মামলার প্রতিবেদনের সঙ্গে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন ডিবিকে।