আশুগঞ্জে ট্রাক চাপায় একজনের মৃত্যু

 


ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-আড়াইসিধা সড়কের আলমনগর এলাকায় আজ বুধবার দুপুর ১২টায় ট্রাক চাপায় মিজান মিয়া(২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু ও একজন আহত হয়েছেন। নিহত মিজান, উপজেলার যাত্রাপুর গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। এ ঘটনায় আহত পরশ মিয়া (২৫)স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,আশুগঞ্জ-আড়াইসিধা সড়কের আলমনগর এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটর সাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে। এ সময় মোটর সাইকেল আরোহী মিজান মিয়া ও পরশ গুরুত্বর আহত হন। আশংকাজনক অবস্থায় তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার মিজানকে মৃত ঘোষণা করেন। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা আবু জাফর জানান, ট্রাকচাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে।