ফিটনেস ছাড়া যানবাহন ও লাইসেন্স ছাড়া চালকদের বিরুদ্ধে চলমান অভিযানের কারণে সাময়িক দুর্ভোগ মেনে নেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সারা বছর ধরেই এ জাতীয় অভিযান অব্যাহত থাকবে। যে কোনো সময় যে কোনো দিন যে কোনো স্থানে এ অভিযান পরিচালিত হবে। যত বাধাই আসুক এ অভিযান অব্যাহত থাকবে।’
মন্ত্রী ওবায়দুল কাদের বুধবার দুপুরে গাজীপুরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএ’র উদ্যোগে যৌথ অভিযানে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে চলমান অভিযানের প্রচারণা চালানোকালে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দুর্ঘটনা ও অসহনীয় যানজট থেকে পরিত্রাণের জন্য আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্তক্রমে গত ১০ নভেম্বর থেকে ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে অভিযান চলছে। তিনি বলেন, এই মুহূর্তে ইজিবাইক ও ব্যাটারি চালিত ক্ষুদ্র যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে ফিডার রোড গুলোতে রাখার জন্য জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএ কে নির্দেশ দেয়া আছে। তিনি আরো বলেন, অসহনীয় যানজট আর্থিক ও কর্র্মঘন্টার ক্ষতি করছে। এ অবস্থায় আমাদের কঠোর হতেই হবে। এ কাজটি করতে গেলে কিছু দুর্ভোগ হবে, এটা সাময়িক। এর সুফল হলে দুর্ভোগের কথা আর মনে থাকবে না।