চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে একটি ফ্লাইটের আসনের নিচ থেকে প্রায় সাড়ে চার কেজি ওজনের ৪০টি সোনার বার পরিত্যাক্ত অবস্থায় পাওয়া গেছে।
বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার তপন চক্রবর্তী জানান, বৃহস্পতিবার সকালে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে ওই সোনা উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আবুধাবি থেকে আসা বিমানটি সকাল সোয়া ৬টার দিকে শাহ আমানতে অবতরণ করলে যাত্রী নেমে যাওয়ার পর নিয়মিত তল্লাশি চালানো হয়। এ সময় একটি সিটের নিচে কালো টেপ দিয়ে মোড়ানো ৪০টি সোনার বার পাওয়া যায়। এগুলোর ওজন প্রায় সাড়ে চার কেজি।