বুড়িচংয়ে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

কুমিল্লার বুড়িচংয়ে ধান ক্ষেত থেকে অজ্ঞাত কিশোরের (১৪) লাশ উদ্ধার করেছে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ি পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার মোকাম ইউনিয়নের মিথলমা ও লোয়ারচর গ্রামের নাগিনী জলার ফসলী মাঠের ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম ও পরিচয় পায়নি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওই ফসলী মাঠে কৃষকরা কাজ করতে এসে এ কিশোরের মরদেহ দেখে স্থানীয় জনপ্রতিনিধিদের জানায়। কৃষকের দেয়া তথ্যানুযায়ী আশ-পাশের লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেয়।
দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করি। তার পরনে একটি জিনসের পেন্ট ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা পরিকল্পিত ভাবে তাকে ডেকে এনে শ্বাসরূদ্ধ ও বুকে প্রায় ২২/২৩টি বলপেনের (কলম) আঘাত করে হত্যা নিশ্চিত করে। আমরা নিহতের মরদেহের পাশে ওই কলমটি উদ্ধার করি।
এসআই আরো জানান, নিহতের মরদেহ থানায় নিয়ে ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।