পাকিস্তানের বড় জয়, ইমরান-মেয়াঁদাদকে ছাপিয়ে মিসবাহ



অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর এবার নিউ জিল্যান্ডকেও উড়িয়ে দিল পাকিস্তান। আবুধাবিতে সিরিজের প্রথম টেস্টে কিউইদের ২৪৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। আর এই জয়ের মধ্য দিয়ে ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদকে পেছনে ফেলে পাকিস্তানের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক এখন মিসবাহ-উল হক।

বৃহস্পতিবার টেস্টের পঞ্চম দিন সকালে নিউ জিল্যান্ডের শেষ দুটি উইকেট তুলে নিতে এক ঘণ্টার একটু বেশি সময় লাগে পাকিস্তানের। দ্বিতীয় ওভারেই মার্ক ক্রেইগকে ফেরান ইয়াসির শাহ। দশম উইকেট জুটিতে অবশ্য প্রতিরোধ গড়ে তোলে নিউ জিল্যান্ড। ইস সোধি ও ট্রেন্ট বোল্ট জুটি সংগ্রহ করে ফেলেন ৫৪ রান। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট অর্ধশতক করেন সোধি। ইমরান খানের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৬৩ রান করেন তিনি।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইয়াসির। ২টি করে উইকেট নেন রাহাত আলি, জুলফিকার বাবর ও ইমরান। দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান পাকিস্তানের তরুণ পেসার রাহাত।

এই জয়ে ৩ টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। স্বাগতিকদের এটি টানা তৃতীয় টেস্ট ম্যাচ জয়। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল পাকিস্তান।

এদিকে অনন্য এক উচ্চতায় উঠে গেলেন মিসবাহ-উল হক। ২০১০ সাল থেকে এ পর্যন্ত পাকিস্তানকে ৩২টি টেস্টে নেতৃত্ব দেন মিসবাহ। এর মধ্যে ১৫টি ম্যাচ জেতেন তিনি। হারেন ৯টি ম্যাচ। মিসবাহর নেতৃত্বে বাকি ৮টি ম্যাচ ড্র করে পাকিস্তান। পাকিস্তানের দুই কিংবদন্তি ক্রিকেটার ইমরান ও মিয়াঁদাদ অধিনায়ক হিসেবে ১৪টি করে টেস্ট জিতেছিলেন। ইমরান খান পাকিস্তানকে নেতৃত্ব দেন ৪৮টি টেস্টে। আর মিয়াঁদাদের নেতৃত্বে ৩৪টি ম্যাচ খেলে পাকিস্তান।