সিলেটে ব্রাক’র কর্মকর্তা নিখোঁজ, জিডি

সিলেটে মো. রফিকুল ইসলাম (৫৫) নামে আফগানিস্তান ফেরত ব্রাক’র একজন কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সিলেট কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। নিখোঁজের আগ পর্যন্ত নগরীর পাঠানটুলা এলাকায় তিনি সপরিবারে বসবাস করে আসছিলেন। তিনি ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলার বাসিন্দা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মো. রহমত উল্যাহ জানান, মো. রফিকুল ইসলাম ব্রাক শিক্ষা কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক। নগরীর বাগবাড়ি কানিশাইল এলাকাস্থ অফিস থেকে বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। বিষয়টি তদন্তের জন্য কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সিলেট ব্রাক’র এলাকা ব্যবস্থাপক কোহিনুর বেগম জানান, রফিকুল ইসলাম বুধবার মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় ব্রাক’র বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। বিকালে তিনি বাগবাড়ি কানিশাইল ব্রাক আঞ্চলিক অফিসে ফিরেন। সেখানে ঘণ্টাখানেক কাজ করার পর সন্ধ্যা ছয়টার দিকে অফিস থেকে বের হন। রাত আটটা নাগাদ বাসায় না ফেরায় তার বড় ছেলে মো. তৌহিদুর রহমান সাগর অফিসে এসে তার বাবার বাসায় না ফেরার বিষয়টি জানায়। এরপর সম্ভাব্য সব জায়গায় তার সন্ধান চালান স্বজনরা। সন্ধান না পাওয়ায় বৃহস্পতিবার রাতে তার ছেলে সাগর সিলেট কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন।
কোতয়ালী থানার তদন্ত-ওসি মনিরুল ইসলাম জানান, তারা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছেন। নিখোঁজ কর্মকর্তার মোবাইলের কললিস্ট সংগ্রহ করে তারা এ ব্যাপারে অগ্রসর হতে চান। ইতিমধ্যে এ সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়েছে।