ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতের হামলায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। এসময় আরো ২জন আহত হয়েছে।
জানা গেছে, শনিবার ভোরে ভোর রাত ৩টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাদ গ্রামের পল্লি চিকিৎসক উসমান মিয়ার বাড়িতে ১০/১২জন মুখোশ পরা ডাকাত দল হানা দেয়। বসত ঘরের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ডাকাতি শুরু করে। এসময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপাতে থাকে। ধারালো অস্ত্রের আঘাতে উসমান মিয়ার কন্যা ও আলহাজ্ব শফিকুল ইসলাম মহাবিদ্যালয়ের অনার্সের প্রথম বর্ষের ছাত্রী রতœা বেগম (১৯) ঘটনাস্থলেই মারা যায়। এসময় গৃহকর্তা উসমান মিয়া ও তার পুত্র ইয়াছিন গুরুতর আহত হয়েছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ডাকাতরা স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরাইল থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, ডাকাতির ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩জনকে আটক করা হয়েছে।