মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনখালি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মোল্লাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা জানান, রামনগর ও ভবানিপুর গ্রাম নিয়ে মোনাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড গঠিত। বিকেলে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস। কাউন্সিলের এক পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মোল্লা ও আওয়ামী লীগ কর্মী ভবানিপুর গ্রামের আতাউর রহমানের সঙ্গে বাক-বিতন্ডা শুরু হয়। এ সময় উভয় পক্ষ লাঠিসোঠা ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে উভয় পক্ষে আহত হয় রফিকুল ইসলাম মোল্লা, নাসির উদ্দীন, তোয়াছিন, মিয়ারুল ইসলাম, জিয়াউর রহমান, হাসান, বাদল, আফসার আলী, ও রহিমসহ ১০ জন।
মজিবিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সন্ধ্যায় একটি অপ্রিতিকর ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।