মেহেরপুরের মুজিবনগরে পরেশ দাস (৪০) নামে এক সেলুন ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বত্তরা। শনিবার দিনগত রাতের কোন সময় বল্লভপুর গ্রামের জোঁকার মাঠে একটি আম বাগানে এ নৃশংস হত্যাকা-ের ঘটনা ঘটে। রোববার সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় লোকজন ওই গ্রামের বাদল মন্ডলের আম বাগানে তার মরদেহের সন্ধান পায়।
নিহত পরেশ বল্লভপুর গ্রামের কার্তিক দাসের জামাই। তার বাড়ি চুয়াডাঙ্গা হলেও দীর্ঘদিন শ্বশুর বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহের সন্ধান পান। খবরটি এলকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন গ্রামের উৎসুক মানুষ সেখানে জড়ো হন। কিন্তু প্রথম দর্শনে নিহতের পরিচয় কেউ সনাক্ত করতে পারেনি। পরে তার পরিচয় মেলে। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। পরনে চেক লুঙ্গি ও গায়ে বেগুনী রঙের শার্ট রয়েছে। ঘটনাস্থল থেকে এক গুচ্ছ চাবি উদ্ধার করা হয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।