পাটকেলঘাটায় ডাকাতের কোপে ২ জন আহত, মালামাল লুট

সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলায় দুই বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতদল স্বর্ণালঙ্কার, মোটরসাইকেল ও নগদ টাকাসহ দশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতি কাজে বাধা দেয়ায় দুই জনকে কুপিয়ে জখম করেছে ডাকাতদল।
স্থানীয় সুত্র জানায়, উপজেলার ধানদিয়া গ্রামের বানু সাহার বাড়ীতে ১০/১২ জনের সশস্ত্র একদল ডাকাত হানা দেয়। এ সময় তার ছেলে রাজকুমার ও দেবকুমার সাহা বাধা দিলে ডাকাতদল কুপিয়ে তাদের জখম করে। ডাকাতদল এ সময় ওই বাড়ী থেকে ১৩৫ সিসি’র ডিসকভারি মোটরসাইকেল, আট ভরি স্বর্ণালঙ্কার, কাপড়-চোপড় ও ৪০ হাজার নগদ টাকা লুট করে নিয়ে যায়। মারাত্মক আহত রাজকুমার ও দেবকুমারকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করানো হয়েছে।
অপরদিকে, সরুলিয়া গ্রামের শিবপদ কর্মকারের ছেলে সাধন কর্মকারের বাড়ীতে ডাকাতদল হানা দিয়ে ছয় ভরি স্বর্ণ ও নগদ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘ঘটনাটি দুটি তিনি শুনেছেন, তবে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি।’