জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ক্রিকেট দল ও খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে এমন কিছু দেখালেন যাতে করে রেকর্ড বইয়ের লেখকদের বেশ বেগ পোহাতে হয়েছে; সেটা বলাই যায়। যেসব রেকর্ডের ফাইলপত্র চাপা পড়ে ছিল শতবছর ধরে সেখানেও পদার্পন করল মুশফিকরা। এবার হোয়াইটওয়াশ করেও রেকর্ড করল টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সদস্য বাংলাদেশ।
২০০০ সালের ১০ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট পরিবারে পা রেখেছিল যে দেশটি, তারাই দেখতে দেখতে পার করে ফেলেছে ১৪টি বছর। ইতোমধ্যেই ৮৭টি টেস্ট খেলেছে বাংলাদেশ। রবিবার ৮৮তম ম্যাচে জয়লাভ করেছে। এই নিয়ে ৭টি টেস্ট ম্যাচে জয় পেল বাংলাদেশ। সেই সঙ্গে দলটি পৌছে গেল অনন্য এক রেকর্ডে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ইংল্যান্ডই একমাত্র দল, যারা ১৫ বছরের মধ্যে ৩ বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজে প্রতিপক্ষ দলকে হোয়াইটওয়াশ করার স্বাদ পেয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ, যারা ১৫ বছরের মধ্যে ৩ বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজে প্রতিপক্ষ দলকে হোয়াইটওয়াশ করার স্বাদ পেল।
কারণ এশিয়া তো বটেই ইংল্যান্ড ছাড়া ক্রিকেট বিশ্বের আর কোনো দল এর আগে এমন কৃতিত্ব অর্জন করতে পারেনি। ফলে আজকের ম্যাচে জয়ের ফলে নতুন এক ইতিহাসে নিজেদের পৌছে দিল টাইগার বাহিনী।