জয় প্রত্যাশিত ছিল: মুশফিক



বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, ‘পরিকল্পনা অনুযায়ী খেলেই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এই জয়টা অবিশাস্য কিছু ছিলনা। এটা আমাদের জন্য ছিল স্বাভাবিক।’

রবিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে সফরকারী জিম্বাবুয়ে দলকে ১৮৬ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মুশফিক বলেন, ‘আামদের হোম কন্ডিশনে স্পিনারদের বিপক্ষে ওদের খেলাটা অনেক কঠিন ছিল। তাই ব্যাটসম্যানদের পাশাপাশি এই জয়ের কৃতিত্ব বোলারদেরও। আমরা জানতাম পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে সিরিজটা আমাদের হবে। তাই ৩-০ ব্যবধানে জয়টা আমাদের কাছে প্রত্যাশিত জয়।’

তিনি বলেন, ‘আমরা সিরিজ শুরুর আগেই চেয়েছিলাম আমাদের সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে যেন পুরো সিরিজটার নেতৃত্ব পাওয়া যায়। রিয়াদ, সাকিব-তামিম অনেক ভাল খেলেছে। আর জুনিয়ররা তাদের অনুসরণ করেছে। তারা কোনো প্রকার চাপ না নিয়ে খেলাটাকে উপভোগ করতে পেরেছে। এটা খুব ভাল টিম প্রচেষ্টা। এজন্য ম্যানেজম্যান্টও বিশেষ ধন্যবাদ পাওয়ার অধিকার রাখে। তারা খুব ভাল পরিকল্পনা করেছে।’
এক প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন, প্রথম টেস্টে ১০০ রানের লক্ষ্য তাড়া করার সেশনটা ছাড়া কোনো টেস্টেই কখনো মনে হয়নি ওরা (জিম্বাবুয়ে) আমাদের চেয়ে এগিয়ে রয়েছে। কোনো সেশন হয়তো সমান-সমান হয়েছে, কিন্তু কখনই মনে হয়নি ওরা এগিয়ে। এভাবেই ডমিনেট করে খেলা উচিত আমাদের হোম কন্ডিশনে। এমন যদি নাও হয় অন্তত আমরা যেন পাঁচদিন ধারাবাহিক ভালো ক্রিকেট খেলতে পারি, তা যত বড় দলের বিপক্ষেই হোক না কেন। পরের টেস্টে সুযোগ আছে। আমরা তার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।