৩ দিনের রিমান্ডে স্বামী হুমায়ুন, খান টিপুর সস্ত্রীক জামিন লাভ

সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতান পুত্র হুমায়ূন সুলতান সাদাবকে তিনদিনের রিমান্ডে দেয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ডের আবেদনের শুনানিশেষে মহানগর ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আনোয়ার সাদাত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে ডা. শামারুখ মাহজাবিন হত্যা মামলার আসামি খান টিপু সুলতান ও তার স্ত্রী ডা. জেসমিন আরা বেগমকে চার সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট। গতকাল রবিবার বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর ডিভিশন বেঞ্চ জামিন মঞ্জুর করে এই আদেশ দেন। গতকাল হাইকোর্টে খান টিপু সুলতান দম্পত্তি আত্মসমর্পণ করে জামিন চান। তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট একে ফজলুল হক খান ফরিদ ও অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। তারা বলেন, মামলার এজাহারে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। খান টিপু সুলতান এই বারের একজন সদস্য। তার স্ত্রী একজন চিকিত্সক। তারা জামিন পেতে পারেন। জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ। উভয়পক্ষের শুনানিশেষে হাইকোর্ট আসামিদের জামিন মঞ্জুর করে।
অন্যদিকে ডা. মাহজাবিনের শাশুড়ি হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজের গাইনি বিভাগের অধ্যাপক জেসমিন আরা অকালীন ছুটির আবেদন করেছেন। কর্তৃপক্ষ এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। এই আবেদনের বিপরীতে ডা. মাহজাবিনকে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ করে হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের সামনে ইস্কাটন গার্ডেন রোডে মানববন্ধনে অংশ নেন তারা। এসময় ডা. মাহজাবিনের হত্যাকারীদের বিচারের দাবিতে প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রতিবাদ জানান এবং এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসাবে আখ্যায়িত করে এর সুষ্ঠু বিচারের দাবি জানান। ডা. মাহজাবিনের মামা কাজী ফিরোজুর রহমান মানববন্ধনে অংশ নিয়ে বলেন, তার ভাগ্নিকে খান টিপু সুলতান গলা টিপে হত্যা করেছেন। ওর মত মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করে এখন প্রশাসনের সহায়তায় আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা হচ্ছে। তিনি বলেন, বিয়ের সময় মাহজাবিনের স্বামীর পরিবারকে দুই লাখ ৪০ হাজার টাকার জিনিসপত্র কিনে দেয়া হয়। এরপর ৬০ হাজার টাকা দিয়ে একটি ফ্রিজ দেয়া হয়েছে। এসি কেনা বাবদ একলাখ ২০ হাজার টাকা দেয়া হয়েছে। এরপরও আমার ভাগ্নি ওই পরিবারের লোকদের মন পায়নি।
মানববন্ধনে নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক সোয়েব আলম বলেন, মেয়েটি অত্যন্ত ভদ্র ছিল। তার মতো মেধাবী মেয়ে আত্মহত্যা করেছে- এটা আমি বিশ্বাস করি না।
কলেজের অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, তার মৌন সম্মতিতেই মানববন্ধন করা হয়েছে। ছাত্রীর স্মৃতিচারণ করে তিনি বলেন, এমন মেয়ে আত্মহত্যা করতে পারে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাজের চাপের কারণে মানববন্ধনে উপস্থিত থাকতে পারিনি। আর মাহজাবিনের শ্বাশুড়ি ডা. জেসমিন আরার বিষয়ে কিছু বলতে পারবো না। তবে এ ঘটনার পর থেকে তিনি অকালীন ছুটির আবেদন করেছেন। ছুটির আবেদনের বিষয়ে তারা এখনো কোন সিদ্ধান্তে পৌঁছাননি বলে সাংবাদিকদের জানিয়েছেন।

মানববন্ধনে ডা. সুলতানা, ডা. ডালিয়াসহ কয়েকজন সহপাঠী বলেন, এ রকম ভালো মানসিকতার মেয়ে আত্মহত্যা করতে পারে না, তাকে হত্যা করা হয়েছে। মাহজাবিনের স্বামীর বাবা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় প্রভাব খাটিয়ে ময়নাতদন্ত প্রতিবেদনে ভুল তথ্য দেখানো হতে পারে। এছাড়া মাহজাবিনের শাশুড়ি একজন সিনিয়র অধ্যাপক হওয়ায় তিনিও এই ময়না তদন্ত রিপোর্টে প্রভাব বিস্তার করতে পারেন। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়াই পুলিশকে ঘটনাটি গুরুত্বের সাথে তদন্তের দাবি করা হয়। ধানমন্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, রিমান্ডে পাওয়া আসামি হুমায়ন সুলতান সাদাব ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছে। সোমবার সকাল থেকে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আরো জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে ময়নাতদন্ত রিপোর্ট পুলিশের কাছে গতকাল রবিবার পর্যন্ত পৌঁছেনি।