চিরনিদ্রায় শায়িত বিজিবি সদস্য কাশেম

পারিবারিক কবরস্থানে বড় ভাই আব্দুল মান্নানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন খাগড়াছড়িতে প্রশিক্ষণকালে গ্রেনেড বিস্ফোরণে নিহত নায়েক সুবেদার আবুল কাশেম (৫৪)।
সোমবার সকাল ১০টায় চিলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে নিজ বসত ঘর সংলগ্ন পুকুর পাড়ে নিহতের দাফন সম্পন্ন হয়।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার শেখ ছালেহ্ আহাম্মদ, বিজিবি ১০ ব্যাটালিয়ান কুমিল্লা জোনের সহকারী পরিচালক আবুল হাসেম, চান্দিনা থানা অফিসার ইন-চার্জ (ওসি) গোলাম মোর্সেদ, বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন কালা, আওয়ামী লীগ নেতা সেলিম ভূইয়াসহ আত্মীয়-স্বজন, নিজ ও আশ-পাশ গ্রামের শতশত মুসল্লি অংশ নেন।
এর আগে রবিবার বিকেলে রামগর ১৬ ব্যাটালিয়ান বিজিবি ক্যাম্পে প্রথম নামাজে জানাজা শেষে দিনগত রাত ১টায় একটি প্রাইভেট এ্যাম্বুলেন্স যোগে নিহতের মরদেহ নিজ বাড়ি চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের চিলোড়া গ্রামে নিয়ে আসেন সহকর্মীরা।
প্রসঙ্গত, রবিবার দুপুরে খাগড়াছড়ি সেনা নিবাস এলাকায় প্রশিক্ষণকালে গ্রেনেড বিস্ফোরণে রামগড় ১৬ বেটালিয়ানে নায়েক সুবেদার আবুল কাশেম নিহত হন।