কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ আলাউদ্দিন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত আলাউদ্দিন জেলার মুরাদনগর উপজেলার দরিকান্দি গ্রামের এরশাদ মিয়ার পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে ডিবি’র এসআই মো. শাহ কামাল আকন্দের নেতৃত্বে পুলিশ জেলার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে সন্ত্রাসী আলাউদ্দিনের (২৬) শ্বশুর আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি দেশিয় এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ডিবি’র এসআই মো. শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতারকৃত সন্ত্রাসী আলাউদ্দিন গত ৬ নভেম্বর দুপুরে নগরীর ঝাউতলা এলাকায় ডিবি’র এসআই ফিরোজ হোসেনকে গুলি করে ও এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে। সে শীর্ষ সন্ত্রাসী বেলাল ওরফে বড় সুমন ওরফে জিরা সুমনের অন্যতম সহযোগী।