জাতীয় দল থেকে বাদ পড়ার পর থেকেই বদলে গেছেন সামশুর রহমান শুভ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তিন রাউন্ডের প্রতিটি ম্যাচেই পেয়েছেন হাফ সেঞ্চুরি। সেই ধারাবাহীকতায় সোমবারও মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেললেন ৭৭ রানের এক ইনিংস। যদিও তাতে তার দল কলাবাগান ক্রীড়াচক্রের খুব একটা লাভ হয়নি। সাত উইকেটের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়ন গাজী ট্যাংক। এই নিয়ে টানা তিনটি ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে একক ভাবে পয়েন্ট তালিকার শীর্ষে আছে দলটি। দিনের অপর ম্যাচ শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব।
মিরপুরে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে এক শুভ কে বাদ দিলে কলাবাগানের আর কোন ব্যাটসম্যানই বলার মত কোন রান করতে পারেননি। ফলে ৪৮ ওভার দুই বলে অল আউট হবার আগে দলটি করে মাত্র ২০৫ রান। তিনটি করে উইকেট নেন পেসার মোহাম্মদ শহীদ ও মোশাররফ হোসেন রুবেল।
২০৫ রানের পুঁজি ওয়ানডেতে মোটেই লড়াই করার জন্য যথেষ্ট নয়। তাই, গাজী ট্যাংকের ব্যাটসম্যানদের জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি। এরপর মাত্র তিন ওভার বোলিং করেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন পেসার রবিউল ইসলাম শিপলু। ৪৭ ওভার তিন বলে জয় নিশ্চিত হওয়া পর্যন্ত গাজী ট্যাংকের তাই মাত্র তিনটি উইকেটের পতন ঘটে। দুটি উইকেট পেয়েছেন শাহাদাত হোসেন রাজিব। হাফ সেঞ্চুরি করেছেন ওপেনার জুনায়েদ সিদ্দিক ও অলোক কাপালী। কাকতালীয় ভাবে উভয়েরই রান ৫১! তিনটি উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন পেসার শহীদ।