ভাসানীর মৃত্যুবার্ষিকীতে সন্তোষে মানুষের ঢল

গতকাল সোমবার মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ঢেকে যায় ভাসানীর মাজার। দুদিন আগে থেকেই ভাসানীর ভক্ত-মুরিদানরা সন্তোষে আসতে শুরু করেন। গতকাল ভক্ত-অনুরাগীদের মিলন মেলায় পরিণত হয় গোটা সন্তোষ। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন পৃথকভাবে নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল কুরআনখানী, দোয়া মাহফিল, আলোচনা সভা ও ভাসানী মেলা। ভোর থেকেই মাজারে বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। যেসব সংগঠন মাজারে পুষ্পস্তবক অর্পণ করে তাদের মধ্যে রয়েছে বিএনপি, জাতীয় পার্টি (জেপি), জেলা আওয়ামী লীগ, কৃষক শ্রমিক জনতালীগ, জাগপা, ভাসানী ন্যাপ, টাঙ্গাইল পৌরসভা, ভাসানী ফাউন্ডেশন, ভাসানী একাডেমি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভাসানী কলেজ, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন, প্রকৌশল শ্রমিক ইউনিয়ন, বিড়ি শ্রমিক ইউনিয়ন, ভাসানীর পরিবার ইত্যাদি।

জাতীয় পার্টি (জেপি) এর পক্ষে মাজারে ফুল দেন দলের অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী এবং কৃষক শ্রমিক জনতালীগের পক্ষে আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম, জাগপার পক্ষে দলের প্রধান শফিউল আলম প্রধান, ন্যাপ ভাসানীর পক্ষে দলের চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, এনডিএফ-এর পক্ষে দলের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু।