সিসির কঠোর সমালোচনা করলেন এরদোগান

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান মিসরে সমপ্রতি নয় ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল-সিসির কঠোর সমালোচনা করেছেন। এরদোগান তুরস্কের টিভি চ্যানেল সিএনএন-তুর্ক ও কানাল ডি-কে বলেন, ‘তার মতো মানুষের’ সঙ্গে তিনি আলোচনা করতে চান না।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘সমপ্রতি তারা নয় তরুণকে হত্যা করেছে। এ ধরনের ঘটনাকে আমরা মেনে নিতে পারি না।’ ২০১৫ সালে মিসরের প্রসিকিউটর জেনারেলকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয়জনের রায় বুধবার কার্যকর করা হয়।  আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও মিসরে সামপ্রতিক মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়েছে।

 জেনারেল সিসিকে একজন কর্তৃত্ববাদী ও সর্বগ্রাসী শাসক হিসেবে আখ্যায়িত করেন এরদোগান। তিনি বলেন, ‘অবশ্যই আমরা বলছি যে, এটা বিচারিক সিদ্ধান্ত। কিন্তু সেখানকার বিচার ব্যবস্থা ও নির্বাচনসহ সবকিছুই অর্থহীন। মিসরে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা এমনকি একনায়কতন্ত্র চলছে।’  তিনি আরো বলেন, ‘এখন আমি জবাব দিচ্ছি, কেন তায়েপ এরদোগান সিসির সঙ্গে আলোচনায় বসে না। অনেক মধ্যস্থতাকারী এসেছেন। কিন্তু আমি তার মতো মানুষের সঙ্গে কখনই আলোচনায় বসব না।’

২০১৩ সালে সেনাপ্রধান সিসির নেতৃত্বে মিসরের সামরিক বাহিনী তত্কালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উচ্ছেদ করার পর থেকে কায়রো ও আঙ্কারার মধ্যে কার্যত কোনো সম্পর্ক নেই। মুরসি এরদোগানের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। এরদোগান বলেন, ‘প্রথমে সিসিকে সাধারণ ক্ষমা ঘোষণা করে সকল রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে হবে। যতক্ষণ সিসি এটা না করবেন, আমরা তার সঙ্গে আলোচনায় বসতে পারব না।’