লক্ষ্মীপুরে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ বাস চাপায় নিহত ১

 
 
লক্ষ্মীপুরে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ বাস চাপায় একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জ এলাকার সুতারগোপটা নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ভোর রাতে একদল ‘ডাকাত’ ঐ সড়কে যাত্রীবাহী বাস ডাকাতির প্রস্তুতি নেয়। বাস আটকাতে রাস্তার দুপাশের গাছের সঙ্গে ডাকাতরা মোটা রশি বাঁধে।  এ সময় ঢাকা থেকে রামগতিগামী সানফ্লাওয়ার নামের বাস ঘটনাস্থলে পৌঁছলে রশি ছিঁড়ে চলে যায়। এতে বাসের ধাক্কায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।
লক্ষ্মীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈকত শাহিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘সড়কে দুইপাশে গাছের সঙ্গে রশি বেঁধে ডাকাতির চেষ্টাকালে দ্রুতগামী বাসের ধাক্কায় এক ডাকাতের মৃত্যু হয়েছে। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত চলছে।’