মালির রাজধানী বামাকো থেকে পার্শ্ববর্তী গিনি যাওয়ার পথে সন্দেহভাজন দস্যুদের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর তিন সদস্য নিহত হয়েছে।
মালির এক নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপি’কে জানায়, শুক্রবারের হামলাটি ছিল ডাকাতির ঘটনা। ইউএন স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালি (এমআইএনইউএসএমএ) তে ওই এলাকার প্রায় ৯শ’ সৈন্য যোগ দিয়েছে। মালিতে মোট ১৫ হাজার শান্তিরক্ষী সদস্য মোতায়েন রয়েছে। শনিবার এমআইএনইউএসএমএ এক বিবৃতিতে জানায়, শুক্রবার রাত ১০টার দিকে বামাকো থেকে ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সিবির একটি সড়কে অজ্ঞাতপরিচয় সশস্ত্র হামলাকারীরা শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। এতে ওই তিন সদস্য নিহত হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই ঘটনায় হামলাকারীদের তিনজন নিহত ও অপর একজন আহত হয়েছে।’ আহত ব্যক্তি একজন বেসামরিক লোক। তিনি শান্তিরক্ষী বাহিনীর গাড়ি চালাচ্ছিলেন।