সাড়ে ৯ কোটি টাকার কষ্টি পাথরের শিবলিঙ্গসহ আটক ১

বরিশালের গৌরনদী উপজেলার কান্ডপাশা এলাকা থেকে অভিযান চালিয়ে সোমবার রাতে ৯১ কেজি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গসহ আব্দুল রহমান হাওলাদারকে আটক করেছে র‌্যাব। যার আনুমানিক মূল্য ৯ কোটি ৪৫ লক্ষ টাকা। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মঙ্গলবার গৌরনদী থানায় মামলা দায়ের করে।
বরিশাল র‌্যাব-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের স্পেশালাইজড কোম্পানির উপপরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে সোমবার রাত ৮টার দিকে উপজেলার কান্ডপাশা গ্রামের আব্দুল রহমান হাওলাদারের গৃহে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আব্দুল রহমান দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে রহমানকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তার হেফাজতে বিক্রির জন্য একটি কষ্টি পাথরের শিবলিঙ্গ মজুদ করে রেখেছেন। তার স্বীকারোক্তি অনুযায়ী রহমানের বাড়ির আঙ্গিনায় মাটির মধ্যে পুতে রাখা ৯১ কেজি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. মশিউর রহমান বাদী হয়ে আজ সকালে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। আব্দুল রহমান হাওলাদারকে আদালতের শাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।