শিশুকে স্কুল থেকে আনতে গিয়ে বাসের ধাক্কায় মায়ের মৃত্যু

শিশুকে বাড়ি আনতে স্কুলে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা মুক্তা বেগম (৩৫)। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জানা গেছে, উপজেলার কাজিপাড়ার বাসিন্দা বোরহান উদ্দিনের স্ত্রী মুক্তা বেগম মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে দুই শিশু সন্তানকে মাটিরাঙ্গা বনশ্রী প্রাইমারি স্কুল থেকে আনতে যাচ্ছিলেন। বাজার এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার পথে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস দ্রুত এসে পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। লোকজন দ্রুত উদ্ধার করে মাটিরাঙ্গা হাসপাতালে পাঠানোর পর অবস্থা আশংকাজনক দেখে ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। মাইক্রোবাসযোগে চট্টগ্রাম নেয়ার পথে ফটিকছড়ির নাজিরহাটে বেলা ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে বিক্ষুব্দ জনতা ঘাতক বাস ও  চালক আকবর হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। মাটিরাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই জিল্লুর রহমান জানান, চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।