এবার সঠিক বিচার হবে, ফেলানীর বাবার আশা

বিএসএফ সদস্য অমিয় ঘোষ ফেলানীকে কাঁটাতারের বেড়ায় নির্মমভাবে গুলি করে হত্যা করে। পুনরায় বিচারের সময় এই হত্যাকাণ্ডের জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেছি। আশা করা যায় এবার সঠিক বিচার হবে, হত্যাকারীর সাজা হবে।

ভারতের কোচবিহারে বিএসএফ সেক্টর সদর দপ্তরে স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্স আদালতে সাক্ষ্য দিয়ে দেশে ফেরার পর গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেন ফেলানীর বাবা নুরুল ইসলাম নুরু। কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে তিনি আরো বলেন, এবার দীর্ঘ সময় ধরে সাক্ষ্য দিয়েছি। বিএসএফ পক্ষ বিভিন্নভাবে আমাকে প্রশ্ন করেছে। তারা অমিয় ঘোষকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালায়। এ সময় বিজিবির পক্ষে মেজর এটিএম হেমায়েতুল ইসলাম উপস্থিত ছিলেন।