গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জামায়াত নেতা মাজেদুর রহমান ও ভাইচ চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আব্দুস সবুর স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ জারি করেন বলে জানান গাইবান্ধা জেলা প্রশাসক এহসানে এলাহী।
তিনি আরো জানান, মঙ্গলাবার সন্ধ্যা ৭ টার দিকে এক ফ্যাক্স বার্তায় তিনি এ আদেশ পান। বুধবার এই বার্তা সুন্দরগঞ্জ উপজেলা পরিষদে পাঠানো হবে। ফলে এখন থেকে ওই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রেজিয়া বেগম ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন।
জেলা প্রশাসক জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ডোমেরহাটে বিগত ২০১৩ সালের ১৪ নভেম্বর সন্ধ্যায় শিবিরের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম ছাত্রাবাস শাখার সভাপতি খলিলুর রহমান মামুন (২৫) নিহত হন। নিহত মামুন উপজেলার বাজার পাড়া গ্রামের খায়রুজ্জামান আঙ্গুর মিয়ার ছেলে। এছাড়া গত বছর ২৮ ফেব্রুয়ারী মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসি ঘোষনার পর জামায়াত-শিবির সুন্দরগঞ্জ উপজেলা সদরসহ বামনডাঙ্গা বন্দরে তান্ডব চালায়। ওই হত্যাসহ ৫টি নাশকতার ঘটনার মামলায় তাদেরকে অভিযুক্ত করে সম্প্রতি পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেন। এ কারণে রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আব্দুস সবুর এ আদেশ জারি করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মাজেদুর রহমান জেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক।