বরিশালে হোটেলের ম্যানেজার খুন

বরিশাল নগরের ভাটারখাল এলাকার বোর্ডিং গ্রিনবাগ নামের একটি আবাসিক হোটেলের ম্যানেজারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার হোটেলটির একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মো. মিজানুর রহমান (৫০)। এ ঘটনায় পুলিশ হোটেলের মালিক এবং দুজন বোর্ডারকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে। মিজানুর মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা আতাউর রহমানের ছেলে। আট বছর ধরে তিনি ওই হোটেলে দায়িত্ব পালন করছিলেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, পরিকল্পিতভাবে হাত ও মুখ বেঁধে মিজানুরকে হত্যা করা হয়েছে। চুরি মূল ঘটনা নয়, হত্যার ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য হয়তো চুরির ঘটনা সাজানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।