কুমিল্লার হোমনা উপজেলায় যুবলীগের এক নেতার বিরুদ্ধে এক স্বাস্থ্য সহকারী পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার উপজেলার অনন্তপুর মোড়ের বাজার টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত স্বাস্থ্য সহকারী আবুল হোসেন সিকদারকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন সিকদার জানান, বুধবার ওই টিকা কেন্দ্রে মাসিক টিকা দেয়ার দিন ধার্য ছিল। সে মোতাবেক সকালে পার্শ্ববর্তী মসজিদের মাইকে এলাকাবাসীকে টিকা কেন্দ্রে এসে টিকা দেয়ার আহ্বান জানানো হয়। মাইকের ঘোষণার কিছুক্ষণ পর সকাল ১০টার দিকে জয়পুর ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি মো. আবু মিয়া ও তার ভাই মোখলেছ মিয়া টিকা কেন্দ্রে এসে মাইকে ঘোষণা দেয়া নিয়ে তাকে গালমন্দ করেন। এরই এক পর্যায়ে তারা লাঠিসোঁটা দিয়ে তাকে পিটিয়ে মারাত্মক আহত করেন।
স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডা. মো. হারুন অর রশিদ জানান, সরকারি কাজে বাধা প্রদান ও স্বাস্থ্য কর্মীকে মারধর করায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
তবে যুবলীগ নেতা আবু মিয়া তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।