ফেরি করে শার্শা ও বেনাপোল বন্দরে অতিথি পাখি বিক্রয়

শীতের তীব্রতা যতই বাড়ছে সীমান্তবর্তী উপজেলা শার্শাসহ বেনাপোল বন্দর এলাকার বিল বাওড়ে অতিথি পাখিদের সমাগম ততই বেড়ে চলছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণীর পাখি শিকারিরা প্রতি রাতে এসব বিল বাওড় থেকে অতিথি পাখি শিকার করছেন। বিশেষ করে রাতের বেলায় কারেন্ট জাল পেতে এসব পাখি শিকার করছে তারা। প্রতিদিন সকালে বেনাপোল বাজার, কাগজপুকুর বাজার এবং নাভারন বাজারে প্রকাশ্যে ফেরি করে বিক্রি হচ্ছে এসব অতিথি পাখি।
আর এসব পাখির ক্রেতা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, পুলিশ, কাস্টমস্সহ প্রশাসনের কর্মকর্তারা।
পাখি নিধন সরকারি আইনে নিষেধ থাকলেও তা মানা হচ্ছে না। সাইবেরিয়াসহ পৃথিবীর বিভিন্ন শীত প্রধান দেশ থেকে আসা নানা জাতের এসব পাখি বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। এক জোড়া হাসপাখি বিক্রি হচ্ছে ৫‘শ টাকা দরে। চখা, পান কৌড়ি বিক্রি হচ্ছে প্রতি পিচ ২‘শ টাকা, শামখইল,কাদাখুচা বিক্রি হচ্ছে প্রতিটি দেড়‘শ টাকা এবং বক ১‘শ টাকা দরে।