একমাত্র মেয়ে তাসফিয়ার পঞ্চম জন্মদিন। সকাল থেকেই ব্যস্ত বাবা রায়হান কবির রাসেল। পুরো পরিবারে বইছে খুশির জোয়ার। দিনভর নানা আয়োজনের মধ্যে দিয়ে রাতে কাটা হবে কেক। কিন্তু দুপুরের এক নৌভ্রমণই ভণ্ডুল করে দিল সব। তাসফিয়ার কাছ থেকে তার বাবাকে কেড়ে নিল ব্রহ্মপুত্র নদ! একসঙ্গে আর কাটা হলো না কেক!
মেয়ের জম্মদিন উপলক্ষ্যে নৌভ্রমণে গিয়ে আজ বুধবার গাইবান্ধার ফুলছড়ির ছেরিমারার চরে নৌকার গলুই থেকে বহ্মপুত্র নদে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন রায়হান কবির রাসেল আহম্মেদ (৩০)। তিনি গাইবান্ধা শহরের পূর্বপাড়ার ওসমান গনি দুদু মিয়ার ছেলে।
ফুলছড়ি থানার মসিউর রহমান জানান, পরিবারের সবাইকে নিয়ে দুপুরের দিকে নৌভ্রমণের জন্য ফুলছড়ির বালাসীঘাটে যান রাসেল। সেখানে একটি নৌকা ভাড়া করে স্ত্রী চম্পা বেগম ও মেয়ে তাসফিয়াকে নিয়ে বহ্মপুত্র নদে নৌ ভ্রমণে রওনা হন তিনি। নৌকাটি ফুলছড়ির উপজেলার ফজলুপুর ইউনিয়নের ছেরিমারার চর এলাকায় পৌঁছালে নৌকার গলুই থেকে রায়হান কবির রাসেল হঠাৎ বহ্মপুত্র নদে পরে যান।
ফজলুপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, ঘটনার পরপরই নৌকা নিয়ে স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু (সন্ধ্যা সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত) রাসেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
সন্ধ্যা সাতটার দিকে সংশ্লিষ্ট থানার ওসি বলেন, রংপুর থেকে ডুবুরি ঘটনাস্থলে এসে পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যেই সন্ধান কাজ শুরু করা হবে।