নগরীতে যান চলাচল বন্ধ করে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান চলার কারণে নগরবাসীকে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। নগরীর প্রবর্তক মোড়ে গতকাল বুধবার অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সকাল ১১টা থেকে এ অভিযান শুরু হয়। তবে অভিযান শুরুর আগে প্রবর্তক মোড় থেকে গোলপাহাড় মোড় পর্যন্ত ওআর নিজাম রোডে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। এ সময় কেবি ফজলুল কাদের চৌধুরী সড়ক, বায়েজিদ বোস্তামী সড়ক, বাদশা মিয়া সড়ক, এমএম আলী রোড, মেহেদীবাগ সড়কসহ আশেপাশের সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
গত রবিবার থেকে নগরীতে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরু করে চট্টগ্রাম সিটি করপোরেশন ও মহানগর পুলিশ। গতকাল পর্যন্ত নগরীর জমিয়তুল ফালাহ মোড়, লালখান বাজার, টাইগারপাস ও প্রবর্তক মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সিটি করপোরেশন সূত্র জানায়, বর্তমানে নগরীতে ৪শ ২২টি অবৈধ বিলবোর্ড রয়েছে। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য স্থানেও অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হবে।