৪৫ দিন পর সেনা সদস্যের লাশ উত্তোলন

পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের হরিনধারা গ্রামের গিয়াস উদ্দিন শাহজাহান (৪৫) নামে এক সাবেক সেনা সদস্যের লাশ মৃত্যুর ৪৫দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।
নিহত গিয়াসের ছোট ভাই আলাউদ্দিন মোল্লা হিরণের আবেদনের পরিপ্রেক্ষিতে পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার দুপুরে হরিনধারা গ্রামের পারিবারিক কবরস্থান থেকে এ লাশ উত্তোলন করা হয়। লাশ তোলার সময় পিরোজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা শাহীন,  মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুর রহমান উপস্থিত ছিলেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ার পাশাপাশি লাশটি কবর থেকে উত্তোলনের সময় এলাকার শ‘ শ‘ জনতার ভিড় ছিল লক্ষণীয়।
জানা গেছে, গিয়াস উদ্দিন শাহজাহানের লাশ গত ৭ অক্টোবর তার ঘরের বারান্দায় গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পুলিশ উদ্বার করে। ধারণা ছিল ঈদুল আজহার দিন রাতে মৃত্যুবরণ করেন গিয়াস। তখন বাড়িতে কেউ ছিলনা। বাড়ির আত্মীয়স্বজন প্রশাসনের অনুমতি নিয়ে নিহতের ভাইদের না জানিয়ে ময়নাতদন্ত ছাড়া তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করে। গিয়াস উদ্দিন শাহজাহান দুই সন্তানের জনক।