আন্তঃব্যাংক লেনদেন দ্রুত ও ঝুঁকিমুক্ত করতে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) নামের প্রযুিক্তগত সেবা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যবস্থা বাস্তবায়ন হলে মাত্র এক মিনিটের ব্যবধানেই আন্তঃব্যাংক লেনদেন সম্পন্ন করা যাবে।
আগামী বছরের সেপ্টেম্বর নাগাদ পুরোদমে এ সুবিধা পাওয়া যাবে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় রেমিট্যান্স ও পরিশোধ পদ্ধতি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আরটিজিএস বাস্তবায়ন করা হবে। আরটিজিএস চালু করতে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সুইডেন ভিত্তিক সিএমএ স্মল সিস্টেম এবি নামের একটি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস প্রকল্প পরিচালক শুভংকর শাহা ও সিএমএ স্মল সিস্টেম এবি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ্যালেক্স নাজারভ চুক্তিতে স্বাক্ষর করেন। আজ কেন্দ্রীয় ব্যাংকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী ২০১৫ সালের এপ্রিল মাসের মধ্যে আরটিজিএস বাস্তবায়নের কাজ শুরু হবে। আগামী জুলাইয়ের মধ্যে পরীক্ষামূলক এটি চালু হবে।
এ সময় গভর্নর বলেন, আরটিজিএস ব্যবস্থা বাস্তবায়ন হলে দেশে আন্তঃব্যংক লেনদেনে নতুন মাত্রা সংযোজিত হবে। এর মাধ্যমে ঝুঁকিভিত্তিক লেনদেন কমবে এবং গ্রাহকদের সর্বোত্তম সেবা দেয়া সম্ভব হবে। স্থানীয় মুদ্রায় লেনদেনের পাশাপাশি এ ব্যবস্থায় দেশের অভ্যান্তরে বৈদেশিক মুদ্রার লেনদেনও সম্পন্ন করা যাবে।
২০১৫ সালের সেপ্টেম্বর নাগাদ এ ব্যবস্থা গ্রাহকদের জন্য উন্মুক্ত করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে তিনি তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের নির্দেশনা প্রদান করেন।
গভর্নর বলেন, সব ধরনের ব্যাংকের জন্যই একই নিয়ম, একই নিয়ন্ত্রণ, একই পেমেন্ট সিস্টেম, একই সুপারভিশন ও একই পদ্ধতি অনুসরণ করবে কেন্দ্রিয় ব্যাংক। এ ক্ষেত্রে অঅরটিজিএস ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে।