ডিএসইতে লেনদেন ৫০০ কোটি টাকার নিচে

 
 
 
 
টানা পাঁচ কার্যদিবস শেয়ারবাজারের সূচক পতনের পর একদিন বাড়লেও বৃহস্পতিবার ফের পতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমার পাশাপাশি লেনদেন পাঁচ শ কোটি টাকার নিচে নেমে এসেছে। ১৫ কার্যদিবস পর ডিএসইর লেনদেন পাঁচ শ কোটি টাকার নিচে নেমে আসল। আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, বৃহস্পতিবার ক্ষুদ্র মূলধনী কোম্পানিগুলোর শেয়াদর কমেছে ১ দশমিক ১ শতাংশ। আর বাজারের লেনদেন হয়েছে জ্বালানি, ওষুধ ও ইঞ্জিনিয়ারিং খাত ঘিরে। এ তিন খাতে লেনদেন হয়েছে ডিএসইর মোট লেনদেনের ৪৮ ভাগ।
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৬ কমে ৪ হাজার ৮৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১১ কমে ১ হাজার ৮১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৮৬ কোটি ৭০ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৮৯ কোটি ৬২ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৯৬ কমে ১৫ হাজার ১৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩০ কোটি ৮৬ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ১৫ কোটি টাকা কম। লেনদেনকৃত ২১১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের।