চাটমোহরে যুবকের লাশ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলা থেকে অপহৃত যুবক আবুল বাশার ওরফে বাছেরের লাশ চাটমোহর থেকে শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। নিহত আবুল বাশার (৩০) আটঘরিয়া উপজেলার একদন্ত বারইপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। বৃহস্পতিবার রাতের কোন এক সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত সরকার জানান, উপজেলার নিমাইচড়া ইউনিয়নের কুকরাগাড়ি নতুনপাড়া গোরস্থানের পাশে মাঠের মধ্যে একজনের ক্ষত বিক্ষত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। তাকে কুপিয়ে হত্যা করে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। লাশের সাথে এক রাউন্ড গুলিও পাওয়া যায়। খবর পেয়ে নিহতের স্বজনরা চাটমোহর থানায় গিয়ে বাছেরের লাশ শনাক্ত করেন।
ওসি আরো জানান, নিহত বাছের চরমপন্থি দলের নেতা। ১২ নভেম্বর বাছেরকে ডিবি পুলিশ পরিচয়ে বাড়ি থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তিনি খুন হতে পারেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।