মাদক বিক্রির অভিযোগে চার পুলিশ বরখাস্ত



মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জে এক উপ-পরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার দুপুরে এ আদেশ দেয়া হয়।
বরখাস্তকৃতরা হলেন- নারায়ণগঞ্জের বন্দর থানার কামতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাসুদুল হক, এএসআই নেয়ামতউল্লাহ, কনস্টেবল আমির হোসেন ও ইউসুফ। নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মুহিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে জেলা পুলিশের এ সার্কেলের এএসপি আজিমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল কামতাল ফাঁড়িতে অভিযান চালায়। অভিযানে গোয়েন্দা পুলিশের একটি দলও ছিল। এ সময় ওই ফাঁড়িতে ১হাজার ৫০০ পিস ইয়াবাসহ ৯ পুলিশ সদস্যকে আটক করা হয়।

পুলিশ সুপার ড. খন্দকার মুহিদ উদ্দিন বলছেন, চাকরি বিধি অনুযায়ী অপেশাদার আচরণ করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।