শাবিপ্রবিতে সংঘর্ষ

ছাত্রলীগের ৫ নেতাসহ ২২ জন গ্রেফতার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মহানগর ছাত্রলীগের ৫ ক্যাডারসহ ২২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় এক ছাত্রলীগ নেতার বাসা থেকে ৪ রাউন্ড গুলি ও ১৭টি রামদা উদ্ধার করা হয়। এদিকে গতকাল শুক্রবার প্রশাসনের নির্দেশ অনুযায়ী আবাসিক ছাত্রীরা। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় হল ত্যাগ করে ছাত্ররা।
বৃহস্পতিবার মধ্যরাতে জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫০ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। নগরীর মদীনা মার্কেট ও পাঠানটুলা এলাকা থেকে ২২ জনকে গ্রেফতার করা  হয়। গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশই মহানগর ছাত্রলীগের কর্মী। অভিযানের সময় পাঠানটুলা এলাকা থেকে ছাত্রলীগ ক্যাডার শিপলুর বাসা থেকে গুলি ও ১৭টি রামদা উদ্ধার করা হয়। তবে শিপলুকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) রহমত উল্যাহ জানান, ৫ ছাত্রলীগ ক্যাডারসহ ২২ জনকে আটক করেছে পুলিশ। বাকীদের গ্রেফতারে অভিযান অবাহত থাকবে।
গত বৃহস্পতিবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সুমন নামের এক ছাত্রলীগ কর্মী মারা যান। এ ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়।